বৃদ্ধ এক রিকশাওয়ালা। সংগীত কুমার

Printed Edition
বৃদ্ধ এক রিকশাওয়ালা। সংগীত কুমার
বৃদ্ধ এক রিকশাওয়ালা। সংগীত কুমার

একটু হাঁটার পর জিয়া মোড়ে এসে দেখি, আমার হাতে সময় আছে মাত্র পাঁচ মিনিট। হেঁটে গেলে অনেক দেরি হয়ে যাবে। এদিক-ওদিক তাকালাম; কিন্তু কোনো রিকশা চোখে পড়ল না। পাশেই এক বৃদ্ধ রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু তাকে পাত্তা দিলাম না। ভাবলাম, এই রিকশায় গেলে ক্লাসে আরো দেরি হয়ে যাবে। ঠিক তখনই, তিনি রিকশা নিয়ে কাছে এসে ভদ্রভাবে জিজ্ঞেস করলেন, ‘বাবা, কোথায় যাবেন?’ আমি কোনো উত্তর না দিয়ে ঘড়ি আর রাস্তার দিকে তাকাতে লাগলাম; যদি অন্য কোনো রিকশা পাই।

কিন্তু এক দিকে প্রচণ্ড রোদ; অন্য দিকে সময়ের চাপে কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত বৃদ্ধের রিকশাতেই উঠলাম। বৃদ্ধের কুঁচকে যাওয়া চামড়া দেখে বুঝতে বাকি রইল না, যে বয়স তার সত্তরের কোঠায়। তাই ‘মামা’ না ডেকে ‘চাচা’ সম্বোধন করে বললাম, ‘মীর মশাররফ হোসেন ভবন, চাচা। একটু জোরে চালাবেন প্লিজ। ক্লাস আছে তো, দেরি হলে ক্লাসে ঢুকতে পারব না!’ চাচা হাসতে হাসতে উত্তর দিলেন, ‘আচ্ছা বাবা।’

চাচা বেশ দ্রুত গতিতেই রিকশা চালাতে শুরু করলেন, কিন্তু একটু যেতেই রিকশা মন্থরগতির হয়ে গেল! আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, ‘কোনো সমস্যা, চাচা?’ চাচা কোনো উত্তর না দিয়ে রিকশা থামিয়ে, মাটিতে বসে পড়লেন। চাচার শরীর ঘামছে আর হাত-পা থরথর করে কাঁপছে! আমি রিকশা থেকে নেমে দৌড়ে পাশের দোকান থেকে এক বোতল ঠাণ্ডা পানি এনে দিলাম। এক নিঃশ্বাসে তিনি পুরো পানি শেষ করে ফেললেন। এরপর পাশেই একটি গাছে হেলান দিয়ে চোখ বন্ধ করে, বড় বড় নিঃশ্বাস নিতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বলে উঠলেন, ‘বয়স হয়েছে তো বাবা! জোরে চালাতে গেলে বুকে ব্যথা ওঠে। চলো, তোমাকে পৌঁছে দেই। দেরি করে ফেললাম তোমার।’ আমি বললাম, ‘আপনাকে আর উঠতে হবে না চাচা, আপনি বিশ্রাম নিন। এমনি দেরি হয়ে গেছে, আজকে আর ক্লাসে যেতেও ইচ্ছে করছে না।’ চাচা বিস্মিত হয়ে বললেন, ‘সে কি কথা? ক্লাসে যাবে না কেন?’ আমি বললাম, ‘এসব নিয়ে চিন্তা করবেন না, আপনি আগে বিশ্রাম নিন!’ চাচা বিষণœ মুখে বললেন, ‘আমার জন্য আজকে তোমার ক্লাসে যাওয়া হলো না!’ আমি তার শেষ কথাটা এড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘সকালে কিছু খেয়েছেন, চাচা?’ চাচা মাথা নিচু করে ঘাম মুছতে মুছতে বললেন, ‘না বাবা। ইনকাম যা হয়, তা দিয়ে দু’বেলা ভাত জোটে না আবার নাশতা!’ আমি দোকান থেকে একটা রুটি আর একটা কলা এনে তার হাতে দিলাম। প্রথমে তিনি নিতে চাচ্ছিলেন না, আমি বললাম, ‘নিন তো চাচা। এমনি আপনার শরীর খারাপ, তার ওপর সকাল থেকে কিছুই খাননি। এখন না খেলে শরীর আরো খারাপ করবে!’ আমার জোরাজুরিতে শেষ পর্যন্ত তিনি আর না করতে পারলেন না।

ব্যাগটা পাশে রেখে আমিও গাছের নিচে বসলাম। তারপর জিজ্ঞেস করলাম, ‘বাসায় আপনার কে কে আছেন, চাচা?’ চাচা খেতে খেতে উত্তর দিলেন, ‘দুই ছেলে, এক মেয়ে আর তোমার চাচি।’ আমি আবার জিজ্ঞেস করলাম, ‘ছেলেরা কী করে?’ তিনি বললেন, ‘দু’ছেলেই রিকশা চালায়। দেশে সবকিছুর দাম যে হারে বাড়ছে, নিজেরাই ঠিকমতো চলতে পারে না! বাবাকে কী সাহায্য করবে? এরপর একটু থেমে মলিন মুখে বললেন, ‘মেয়ের বিয়ে দিছিলাম, কিন্তু সে সংসার বেশি দিন টেকেনি! দু’সন্তান নিয়ে মেয়ে এখন আমার কাছেই থাকে। জামাই ভালা মানুষ ছিল না। নেশা করত, মেয়েকে মারধর করত!’

চাচার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, ‘কত বছর ধরে তিনি এই পেশায় আছেন?’ চাচা বললেন, ‘তা প্রায় ২০ বছর তো হবেই। ভাটি অঞ্চলে আমাদের বাড়ি ছিল। এক বন্যায় সবকিছু ভেসে যায়। বাধ্য হয়ে শহরে এসে আশ্রয় নেই। দেশে সরকার আসে, যায়; কিন্তু আমাদের খোঁজ কেউ নেয় না, বাবা।’ চাচার কথা শুনে ভাবলাম আসলেই তো, যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিকে টেনে নিয়ে যাচ্ছে, তারাই যেন সবচেয়ে বেশি অবহেলিত।

তখন চাচাকে বললাম, ‘আমার একটা অনুরোধ আছে, আপনি না করতে পারবেন না!’ তিনি অবাক হয়ে তাকিয়ে বললেন, ‘কি অনুরোধ, বাবা।’ আমি বললাম, ‘আজকে আমি রিকশা চালাব। আপনি পেছনে বসবেন।’ চাচা সাথে সাথে বললেন, ‘না! না! বাবা, তা কী করে হয়। লোকে দেখলে তোমাকে পাগল বলবে!’ আমি হেসে উত্তর দিলাম, ‘আপনি উঠুন তো, লোকে কি বলবে সেটি আমি দেখব। চলেন আপনাকে মেডিক্যালে নিয়ে যাই।’

রিকশার হাতল ধরে মনে হচ্ছিল, আজ আমি শুধু একটি রিকশা চালাচ্ছি না, বহন করছি এই শহরের অবহেলিত মানুষের দীর্ঘশ্বাস, ক্লান্তি আর নীরব কষ্ট। হ

লেখক : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়