বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান বলেছেন, দেশে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই এবং মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। তবে একটি বড় রাজনৈতিক দল অংশ না নেয়ায় তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রওনক জাহান উল্লেখ করেন, বিগত তিনটি নির্বাচন মোটেই গ্রহণযোগ্য ছিল না। বর্তমানে সামাজিক পরিবেশ কিছুটা অসহিষ্ণু, যা নির্বাচনের জন্য প্রতিকূল এবং সহিংসতার শঙ্কা রয়েছে। তিনি বলেন, আমাদের বড় সমস্যা হলো কোনো দলই হারতে চায় না। তবে সহিংসতা পরিহারে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ প্রস্তুতি নিতে হবে এবং নাগরিকদের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়, বরং এটি ভোটাধিকার ফিরে পাওয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তিনি সাম্প্রতিক বিএনপি-জামায়াত সংঘর্ষের কথা উল্লেখ করে বলেন, এ ধরনের সঙ্ঘাত নির্বাচন বানচাল করতে তৎপর দেশী-বিদেশী শক্তিকে সুযোগ করে দিতে পারে। তিনি আরো অভিযোগ করেন, প্রতিবেশী দেশ দিল্লি তাদের আশ্রয়ে থাকা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে আনার সুযোগ করে দিয়ে স্থিতিশীলতা নষ্ট ও দু’ দেশের সম্পর্কের অবনতি ঘটাচ্ছে।
‘আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে’ শীর্ষক এ উদ্বোধনী বিতর্কে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে (বিইউবিটি) পরাজিত করে ইডেন মহিলা কলেজ বিজয়ী হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, রোকেয়া পারভীন জুই, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাইদুর রহমান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি ।



