বগুড়া অফিস
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে। কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ যোগ্য লোক তৈরি করছে, যাদের নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। একদিকে যারা আজ সুন্দর পরিকল্পনার কথা বলছে অপর দিকে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস করছে। তাদের দ্বারা দেশ জাতি ও জনগণের কল্যাণ সাধন সম্ভব নয়। আদর্শিক নেতৃত্ব গঠন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীলদের কর্মদক্ষতায় বগুড়া অঞ্চলকে ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করতে হবে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের ওপর সীমাহীন জুলুম নিপীড়ন চালিয়েছে। আমার সহযোদ্ধা ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করেছে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নিপীড়ন উপেক্ষা করে আর্ত মানবতার কল্যাণে জামায়াত সব সময় জনগণের পাশে ছিল ও থাকবে। তিনি শনিবার বগুড়ার কলোনির শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের আওতাধীন জেলা শাখা সমূহের কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য মো: শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পাবনা জেলা আমির আবু তালেব মণ্ডল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মোহাম্মাদ আব্দুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাঈদ এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহীনুর ইসলাম।



