সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

অস্ত্রসহ ৫ ডাকাত আটক

টাঙ্গাইলের ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর উত্তরপাড়া কালো সড়ক সংলগ্ন যমুনা তীরবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে সাথে নিয়ে তাদেরকে পুলিশ সোপর্দ করে। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত রাম দা, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- গাজীপুর জেলার মৃত আব্দুর রশিদের ছেলে মো: রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মো: ইব্রাহিম (২১), মৃত আব্দুর খালেকের ছেলে মো: সাগর (৩০), টাঙ্গাইলের সদর উপজেলার আজম আলীর ছেলে মো: হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মো: আজিজুলের ছেলে মো: মিলন (২৮)। ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে শুভ দেওয়ান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ দেওয়ান রাজশাহী জেলার পাকরা উত্তরপাড়া এলাকার সেলিম দেওয়ানের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান সাথে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দেওয়ান রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে মিরপুর রেল স্টেশন নামেন। স্টেশন নামার পর ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। বিপরীত দিক থেকে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও সন্তান সাথে ছিলেন। বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি।

সরিষাবাড়ীতে ৪ জনকে কুপিয়ে জখম

জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সরিষাবাড়ী পরে জামালপুর জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে সাতজনের নাম উল্লেখ করে আজিজুর রহমান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মামলা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইলি বেগমের পরিবারের সাথে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বিরোধপূর্ণ ওই জমিতে গতকাল মঙ্গলবার রাতে জোরপূর্বকভাবে পাকা টয়লেট নির্মাণ শুরু করে সুলতান মিয়া ও তার লোকজন। এ সময় লাইলি বেগমের পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ গংরা অতর্কিত হামলা চালায়। সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা।

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, শফিকুল ইসলাম তার শ্বশুর মানিক মিয়ার বাড়িতে বর্গাকৃত জমির ধান কাটার উদ্দেশ্যে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার নানা শ্বশুর আয়াজ উদ্দিনের বাড়ির পাশের একটি আমগাছে আম পাড়তে ওঠেন। এ সময় বাঁশের লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করলে সেটি গাছের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সাথে লেগে যায়। এতে বাঁশের লাঠিতে আগুন ধরে যায়। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সাথে আটকে পড়েন। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।

আশুলিয়ায় সাপের দংশনে নারীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় সাপের দংশনে আসিয়া বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য মমতাজ বেগম। এর আগে সকালে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আসিয়া বেগম আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ি শামেরটেকী এলাকার মুসলেম বেপারীর স্ত্রী। ইউপি সদস্য মমতা বেগম জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠানে শুকিয়ে যাওয়া কাপড় আনতে যান ওই নারী। এ সময় হঠাৎ তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত একজন কবিরাজের কাজে নিয়ে যান। পরে সেখান থেকে কেপিজে ঢাকা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা।

মৃতকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের এক মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি হস্তান্তরের দলিল সম্পাদনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দলিল লেখকদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অভিযোগটি ইতোমধ্যে জেলা রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পুরান বাউশিয়া গ্রামের আরএস রেকর্ডিয় সম্পত্তির মালিক সূর্য্যবান জীবদ্দশায় ১৯৯১ সালের ২৮ এপ্রিল নিবন্ধিত হেবা দলিলের মাধ্যমে তার তিন ছেলের নামে সম্পত্তি হস্তান্তর করেন। পরবর্তীতে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদ দ্বারা প্রমাণিত বলে দাবি করা হয়েছে। তবে অভিযোগকারীদের ভাষ্য, সূর্য্যবানের মৃত্যুর প্রায় সাত বছর পর ২০১১ সালে ১৯০৫/২০১১ নম্বর দলিলের মাধ্যমে তাকে জীবিত দেখিয়ে একটি কোম্পানির অনুকূলে দলিল সম্পাদন করা হয়। এতে সংশ্লিষ্ট কোম্পানি আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামহানির শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক হাফেজ আহাম্মদ প্রধান এবং তার অধীনস্থ এক জুনিয়র দলিল লেখক মো: রেফায়পত উল্লার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হলে কথিত জালিয়াতির ঘটনা প্রকাশ পাবে। মুন্সীগঞ্জ প্রতিনিধি।

কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বিএনপি কর্মী লস্করের আলীর বাড়ির দেয়ালের উপর থেকে হত্যার হুমকি সংবলিত চিরকুট, কাফনের কাপড় ও গোলাপজল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসব রেখে গেছে বলে দাবি লস্করের। লস্কর আলী বলিয়ারপুর গ্রামের এজেল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনৈতিক কর্মী। চিরকুটে লেখা রয়েছে ‘লস্কর তুই ভালো মন্দ খেয়ে নে। তোর সময় শেষ। তোর মাথা বটতলাই বট গাছে ঝুলিয়ে রাখবো। তুই সহ তোর পাশে যারা থাকে কাউকে ছাড়বো না, না, না। তোর সময় শেষ রেডি হ’। গ্রামবাসী ফরিদুল ইসলাম বলেন, সকালে জানতে পারি রাতের আঁধারে কে বা কারা লস্করের বাড়ির দেয়ালের উপর একটি পলি ব্যাগে কাফনের কাপড়, হুমকি সংবলিত চিরকুট ও গোলাপজল রেখে গেছে। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করেছে। মেহেরপুর প্রতিনিধি।

করিমগঞ্জে ব্র্যাকের হাঁস পালন প্রশিক্ষণ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দরিদ্র ও প্রান্তিক মানুষের আয় বাড়াতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির (দাবি) আওতায় উপকারভোগীদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। এর আগে তাদেরকে হাঁস পালনবিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। গতকাল বুধবার করিমগঞ্জ ব্র্যাক শাখা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ২০টি করে হাঁসের বাচ্চা দেয়া হয়। এর আগে তাদের হাঁস পালন, যতœ ও রোগ প্রতিরোধ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোবারক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (করিমগঞ্জ) এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: জুলহাস উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী মো: বাছির উদ্দিন, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো: মোবারক হোসেন এবং সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হাসানসহ অন্য কর্মকর্তারা। কিশোরগঞ্জ প্রতিনিধি।