এম মনিরুজ্জামান রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি অর্থে নির্মিত একটি দোতলা স্কুল ভবন চার বছর ধরে অব্যবহৃত পড়ে আছে শুধু সিঁড়ি না থাকার কারণে। প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটির দ্বিতীয় তলায় ওঠার কোনো ব্যবস্থা না থাকায় স্থানীয়দের কাছে এটি এখন ‘আজব বিল্ডিং’ নামে পরিচিত হয়ে উঠেছে।
উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চবিদ্যালয়ের উন্নয়নে ধাপে ধাপে বিভিন্ন সময়ে বরাদ্দ দেয়া হয়। ২০১৬-১৭ অর্থবছরে জেলা পরিষদ থেকে সাত লাখ টাকা, ২০১৮-১৯ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে ১০ লাখ টাকা, ২০১৯-২০ অর্থবছরে পাঁচ লাখ এবং ২০২১-২২ অর্থবছরে আরো ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিঁড়ি নির্মাণ না হওয়ায় পুরো প্রকল্পই প্রশ্নের মুখে পড়েছে।
সরেজমিন দেখা যায়, নিচতলার দু’টি কক্ষ বাঁশ ও চাটাই দিয়ে ভাগ করে চারটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অপরদিকে দোতলার দু’টি কক্ষ ও ছাদের নির্মাণকাজ শেষ হলেও সিঁড়ি না থাকায় সেগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় জানান, বিভিন্ন দফতরের বরাদ্দে ভবন নির্মিত হলেও সিঁড়ি না থাকায় তা কাজে লাগানো যাচ্ছে না। একাধিকবার সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
সহকারী শিক্ষক তুষার কান্তি রায় বলেন, সিঁড়ি থাকলে দোতলায় ক্লাস নেয়া সম্ভব হতো। বর্তমানে শিক্ষার্থীদের গাদাগাদি করে পাঠদান করতে হচ্ছে।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মো: আব্দুল্লাহ জানায়, বাঁশের বেড়া দেয়া কক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর কারণে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, পরিকল্পনার ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বরাদ্দ পেতে দেরি হলে উপজেলা পরিষদের তহবিল থেকে অন্তত সিঁড়ি নির্মাণের উদ্যোগ নেয়া হবে।



