প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষিরাই পাবেন সহায়তা : লুৎফুজ্জামান বাবর

Printed Edition
কৃষকদের সাথে কথা বলছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এমপি : নয়া দিগন্ত
কৃষকদের সাথে কথা বলছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এমপি : নয়া দিগন্ত

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মোহনগঞ্জে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা শুধু প্রকৃত চাষিদের দেয়া হবে বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, যারা টাকা দিয়ে জমি বর্গা নিয়ে চাষাবাদ করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাই সহায়তা পাবেন। শুধু জমি বর্গা দিয়ে অর্থ নিয়েছেন, কিন্তু চাষ করেননি- এমন জমির মালিকেরা এ সহায়তার আওতায় থাকবেন না।

গত শুক্রবার মোহনগঞ্জ উপজেলার পশুখালী, হরিপুর, নওগাঁ, জৈনপুর, গাগলাজোর ও বরান্তর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। লুৎফুজ্জামান বাবর আরো বলেন, যেসব ক্ষুদ্র কৃষক নিজেদের জমি নিজেরাই চাষ করে ক্ষতির মুখে পড়েছেন, তারাও সরকারি সহায়তা পাবেন। কারণ সহায়তা তাদের জন্য, যারা সরাসরি শ্রম ও অর্থ ব্যয় করে ফসল উৎপাদন করেছেন। পরিদর্শনকালে তিনি কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোহনগঞ্জে প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। তবে অকাল বন্যায় বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।

স্থানীয় কৃষকদের মতে, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করা গেলে অনেক কৃষক ঘুরে দাঁড়াতে পারবেন। খেতমজুর ও প্রান্তিক চাষিরা সংসদ সদস্যের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, অতীতে অনেক সময় জমির মালিকেরা সরকারি সহায়তা পেলেও প্রকৃত চাষিরা বঞ্চিত হয়েছেন। এবার সেই পরিস্থিতির পরিবর্তন হবে বলে তারা আশা করছেন।