ক্রীড়া প্রতিবেদক
আগামী ১২ জুন ইংল্যান্ডের মাটিতে শুরু হবে ১২ দলের টি-২০ বিশ্বকাপ। কঠিন গ্রুপ ‘এ’-তে পড়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে জ্যোতিদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্য দিকে ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। নারী টি-২০ বিশ্বকাপে ১৪ জুন এজবাস্টনে ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ১৭, ২০, ২৫ ও ২৮ জুন অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে জ্যোতিরা।
ইংল্যান্ডে হতে যাওয়া নারী টি-২০ বিশ্বকাপে বড় দলগুলোকে এক রকম হুঙ্কার দিয়ে রাখল বাংলাদেশ। জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে সাত ম্যাচের সাতটিতে জিতে মূলপর্বের টিকিট কাটে বাংলাদেশ। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে জ্যোতির দলের অবস্থা ভালো নয়। ২০২৪-এর ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত টানা ছয় টি-২০ হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজেই জ্যোতির দল হয়েছে ধবলধোলাই। সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-২০ সিরিজে নিজেদের মাঠে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। ফর্মটা তেমন পক্ষে না থাকলেও টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করবে বলে আশাবাদী নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।
মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুইটা প্রস্তুতি ম্যাচ বাদ দিলে আমাদের পাঁচ ম্যাচ আছে। পাঁচটা ম্যাচের ভেতরে আমাদের আশা তিনটা ম্যাচে ইনশাআল্লাহ জিতব। আমাদের প্রতিপক্ষ হচ্ছে নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই তিনটা নিয়ে আমরা কাজ করছি।’
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০তে চার ও দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস, ভারতের বিপক্ষে তিনটি করে ম্যাচ জ্যোতির দল জিতেছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে। অস্ট্রেলিয়াকে এখনো টি-২০তে হারাতে পারেনি বাংলাদেশ।
আগামী ১২ মে থেকে শুরু হবে দলের বিশ্বকাপ ক্যাম্প। তার আগেই গতকাল আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বড় পরিবর্তন হিসেবে জায়গা হারিয়েছেন শারমিন সুলতানা। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে থাকা এই ক্রিকেটারের বদলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তাজ নেহার। বাংলাদেশ দলে মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা এই দুই স্বীকৃত পেসার আছেন। খণ্ডকালীন পেসার রিতু মনিকে ধরলে তিন পেসার খেলবেন বিশ্বকাপে। পেস বোলিং লাইনআপ নিয়ে শিপন বলেন, ‘আমাদের আসলে পাইপলাইনে সেরকম পেসার পাই কম। যাদের পাই, বেশিরভাগ সময়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে চোটটা বেশি হয়ে যায়। তারপরও যে দুই পেসার আছে ফারিহা ইসলাম তৃষ্ণা ও মারুফা আক্তার, সাথে রিতু মনি আছে তৃতীয় পেসার। ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘুরে, আমার দুইটা পেস বোলার নিয়ে খেলার ইচ্ছা আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখেছি যে ইংল্যান্ডে গ্রীষ্মে সে রকম মুভ করে না। উইকেট অনেকটা আমাদের উপমহাদেশের মতোই হয়ে গেছে।’
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।



