চট্টগ্রাম ব্যুরো
নগরের কোতোয়ালি থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে। স্থানীয়রা জানান, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং বাসায় একাই থাকতেন। তার বাবা মারা গেছেন এবং মা দেশের বাইরে থাকেন।
কোতোয়ালি থানা পুলিশের এসআই রাশেদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পান যে বাসার ভেতর থেকে দরজা খোলা হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হয়। পরে ঘরের ভেতরে ফ্লোরে শোয়া অবস্থায় তাকে মৃত পাওয়া যায়।



