থাইল্যান্ডে দুই প্রস্তুতি ম্যাচ অনূর্ধ্ব-২০ দলের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গোলরক্ষক ইয়ারজান বেগম এবং স্ট্রাইকার তৃষ্ণা রানীর ভুলে অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে ভারতের কাছে বাজে হার বাংলাদেশ দলের। এই অনূর্ধ্ব-১৯ দলের তৃষ্ণা রানী, মুনকি আক্তাররা এপ্রিলে থাইল্যান্ড যাবে এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলতে। সেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, থাইল্যান্ড ও ভিয়েতনাম। ১-১৯ এপ্রিলের এই আসরে বাংলাদেশ যদি সেরা চারে থাকতে পারে তাহলে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ বিশ^কাপে খেলার সুযোগ পাবে। সাগরিকাদের বিশ^কাপে খেলার সম্ভাবনা উজ্জ¦ল করতে থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করছে বাফুফে। এর মধ্যে জর্দানের সাথে ম্যাচ খেলা চূড়ান্ত হয়েছে। কথা চলছে অপর একটি দলের সাথে ম্যাচ খেলার। দুই প্রস্তুতি ম্যাচ খেলার জন্য পিটার জেমস বাটলারের দল আসর শুরুর কয়েক দিন আগেই থাইল্যান্ড যাবে।

এ দিকে সিনিয়র নারী দলের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে চলতি মাসের তৃতীয় সপ্তাহেরই অস্ট্রেলিয়া যাওয়ার কথা। আর নারী লিগও শেষ হওয়ার কথা আগামীকাল। তবে শিরোপা নির্ধারণের জন্য যদি প্লে-অফের আশ্রয় নিতে হয় তা হলে আরো পরে লিগ শেষ হবে। এই মুহূর্তে রাজশাহী স্টারস পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের শেষ ম্যাচে ড্র করা দরকার বাংলাদেশ আর্মির সাথে।

পরশু রাতে লিগের শেষ ম্যাচে উমেহেলা মারমা ও মামনি চাকমার জোড়া গোলে বাংলাদেশ আনসার ৪-২ গোলে হারায় ঢাকা রেঞ্জার্সকে। ঢাকা রেঞ্জার্সের গোলদাতা ছিলেন সাথী ও রুমী।