গৃহহীন কৃষকের পাশে মোহনগঞ্জ ছাত্রদল

Printed Edition

মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা

নেত্রকোণার মোহনগঞ্জে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এক হতদরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রদল। ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য অসহায় কৃষক গোবিন্দ দাসের হাতে প্রয়োজনীয় টিন তুলে দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের জিকড়খলা গ্রামের বাসিন্দা কৃষক গোবিন্দ দাসের বসতঘর সম্প্রতি ঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তাণ্ডবে ঘরের চালের টিন ও বেড়া উড়ে গেলে পরিবার নিয়ে তিনি চরম বিপাকে পড়েন। আর্থিক অনটনে ঘরটি পুনর্নির্মাণ করা তার পক্ষে সম্ভব ছিল না। খবর পেয়ে মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাকির হোসেন বাবু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুছ সাদী চৌধুরী অপু সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

গত শনিবার বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়িতে গিয়ে টিনগুলো হস্তান্তর করেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান ও সাধারণ সম্পাদক জিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাহায্য পেয়ে গোবিন্দ দাস বলেন, ঝড়ে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। এখন আবার ঘর তৈরি করে স্বাভাবিকভাবে থাকতে পারব। ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাকির হোসেন বাবু বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।