আলজাজিরা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেন পাবলিক বাসে ধাক্কা দেয়ায় অন্তত আটজন নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে ব্যাংককের কেন্দ্রস্থলে একটি এয়ারপোর্ট রেল লিংক স্টেশনের কাছে এই দুর্ঘটনার পর বাস এবং এর আশপাশে থাকা অন্যান্য যানবাহনে আগুন ধরে যায় বলে থাইল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে। তবে থাই কর্তৃপক্ষ এখনো নিহতের সুনির্দিষ্ট সংখ্যা বা দুর্ঘটনার কারণ নিশ্চিত করেনি।
ব্যাংকক থেকে আলজাজিরার টনি চ্যাং জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। রেললাইনের নিরাপত্তা প্রতিবন্ধক বা ব্যারিয়ার নেমে যাওয়ার পর বাসটি চৌরাস্তায় আটকা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় আশপাশের বেশ কয়েকটি যানবাহনকেও হেঁচড়ে নিয়ে যায়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। ধ্বংসস্তূপ থেকে মানুষদের উদ্ধার করতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একই সময়ে মোটরসাইকেল আরোহী ও পথচারীরা ট্রাফিক ব্যবস্থা সচল করার চেষ্টা করেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকারী দল এলাকাটি ঠাণ্ডা করার কাজ করছে এবং আহত ২৫ জনকে হাসপাতালে পাঠিয়েছে।



