নিজস্ব প্রতিবেদক
দুর্র্নীতি করা আর সহ্য করা একই অপরাধ মন্তব্য করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, বায়তুল মোকাররমের অনিয়ম-দুর্নীতি রোধে যা যা করার তাই করা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহসভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকীবুল হক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য শামসুল ইসলাম, উবায়দুল্লাহ বাদল, মহসিনুল করিম, আহমেদ জামাল, কামরুজ্জামান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
দুঃসময়ে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি মন্তব্য করে ধর্মমন্ত্রী বলেন, ভালো নিউজ-খারাপ নিউজ বলে কিছু নেই। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো। তিনি আরো বলেন, আমরা চিন্তাও করতে পারিনি বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করবে, এমনকি বিএনপি সরকার গঠন করবে এমন চিন্তাও করিনি। আল্লাহ ব্যবস্থা করেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামুদি। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে তারা দু’ দেশের মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় ও অটুট রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে ধর্মীয় বিষয়ে সহযোগিতা জোরদার এবং বন্ধুত্বপূর্ণ দু’টি দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি উভয় দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তারা ধর্মীয় সেবার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষাবিষয়ক সহায়তা কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও সময়োপযোগী করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন। এ সাক্ষাতে উভয় দেশ পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সম্প্রসারিত ও কার্যকর পর্যায়ে উন্নীত করার বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



