পাবিপ্রবি প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইনোভেশন অ্যাওয়ার্ড’ ও ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম। বিশ্ব¦বিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেলের পরিচালক অধ্যাপক ড. মো: লোকমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান।
এবারের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বিভিন্ন অনুষদের মোট ৩৮ জন শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী সিজিপিএ ৩.৮০ বা তার বেশি অর্জন করেছেন। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এ কৃতী শিক্ষার্থীদের মধ্যে প্রকৌশল অনুষদ থেকে ৯ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১৬ জন, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ৬ জন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ছয়জন এবং জীবন ও ভূ-বিজ্ঞান অনুষদ থেকে একজন শিক্ষার্থী এ গৌরবময় সম্মাননা লাভ করেন।
পাশাপাশি গবেষণায় বিশেষ অবদানের জন্য মাস্টার্স পর্যায়ের ২০ জন এবং পিএইচডি পর্যায়ের তিনজনসহ মোট ২৩ জন শিক্ষার্থীকে ইনোভেশন অ্যাওয়ার্ড ও ৫০ হাজার টাকা করে সম্মানি প্রদান করা হয়। এ ছাড়া গবেষণায় শিক্ষকদের সম্পৃক্ততা বাড়াতে প্রথমবারের মতো প্রবর্তিত ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয়জন কৃতী শিক্ষক। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন প্রকৌশল অনুষদের ড. এ. এইচ. এম. ইফতেখারুল ফেরদৌস, বিজ্ঞান অনুষদের ড. মো: আতিকুর রহমান ও ড. মো: লোকমান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ড. মাসুদ রানা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিকাশ চন্দ্র ঘোষ এবং জীবন ও ভূ-বিজ্ঞান অনুষদের ড. মো: রাহেদুল ইসলাম।



