বিশেষ সংবাদদাতা ঢাকা
আন্তর্জাতিক মানবাধিকার কার্যক্রমকে আরো গতিশীল, সুসংগঠিত ও মানবকল্যাণমুখী করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর বাংলাদেশ চ্যাপ্টার। গতকাল রাজধানীর বনানীতে এক বর্ণাঢ্য, প্রাণবন্ত ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী, গণমাধ্যম প্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন এবং জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের প্রতিবন্ধী বিষয়ক কমিটির অন্যতম সদস্য মনসুর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন, টিআইবির সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরী এবং দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান ও ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর সভাপতি শিব্বির মাহমুদ। এ ছাড়া অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তি, মানবাধিকার কর্মী, গণমাধ্যম প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতা এবং সৌদি আরব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মো: জালাল উদ্দিন অংশ নেন। অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিনের তত্ত্বাবধানে ইতালি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর আন্তর্জাতিক সদস্যরা। তারা বাংলাদেশ চ্যাপ্টারের শুভ সূচনায় অভিনন্দন জানিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
টিআইবির চেয়ারপারসন মনসুর আহমেদ চৌধুরী বলেন, মানবাধিকার শুধু কোনো আইনি শব্দ নয়, এটি মানুষের জন্মগত মর্যাদা, নিরাপত্তা ও সমতার প্রতিশ্র“তি। অতএব, দেশের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ১৫ জনকে পুরস্কার ও ১০ জনকে সনদপত্র দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- জাহিদুল ইসলাম, সৈয়দ সারোয়ার হোসেন, ড. বিকাশ চন্দ্র সরকার, নাজমিন সুলতানা, মোহাম্মদ শাহাবুদ্দিন, মো: মোজাফফর আহমেদ, লুৎফর রহমান হিমু, সৈয়দ জুবায়ের আহমেদ, সরদার সাইদুল কবির, রোটা. ইঞ্জিনিয়ার মো: আখতারুজ্জামান ভূঁঁইয়া, শরিফুল ইসলাম, ড. জাহিদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ খাইরুল হাসান পলাশ, মনসুর আহমেদ চৌধুরী এবং শিব্বির মাহমুদ।
সনদপ্রাপ্তরা হলেন- মো: মোবারক হোসেন, আব্দুল কাদের, বিপ্লব সিকদার, সৈয়দ মোর্তজা আলী মুরা, মো: রশিদুল ইসলাম, মো: সাইফুল ইসলাম খান, জিয়াউর রহমান শামীম, কাজি রিপনসহ লাবিবুর জামান লাবি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান ও ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ সভাপতি শিব্বির মাহমুদ। এ সময় তিনি বলেন, ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ আন্তর্জাতিকভাবে মানবাধিকার রক্ষার্থে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। সেই সাথে বাংলাদেশ চ্যাপ্টার এ দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সার্বক্ষণিক কাজ করে যাবে। সংগঠনের আন্তর্জাতিক সদর দফতর ইতালির ঐতিহাসিক ও পর্যটন নগরী ভেনিসে অবস্থিত।



