ক্রীড়া প্রতিবেদক
ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফুটবল লিগে গতকাল গুরুত্বপূর্ণ জয় পেয়েছে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন। এই জয়ে রেলিগেশন শঙ্কা থেকে মুক্তি পেয়েছে মোহামেডান। আর ব্রাদার্স টিকে থাকার মিশনে আরো এগিয়ে গেল। গতকাল মোহামেডান ২-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সঙ্ঘকে। আর ব্রাদার্স ইউনিয়নের ৩-১ গোলে জয় রহমতগঞ্জের বিপক্ষে। এতে মোহামেডানের পয়েন্ট ১৬ খেলায় ২০। আর ব্রাদার্সের সমান ম্যাচে ১৭।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মোহামেডানকে জয় এনে দেন রহিম উদ্দিন ও সৌরভ দেওয়ান। ৫১ মিনিটে সৌরভ গোল করার পর ৭৫ মিনিটে রহিমউদ্দিন ব্যবধান বাড়ান। হারের ফলে আরামবাগ ১৪ পয়েন্ট নিয়ে ৮-এ অবস্থান করছে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পাকিস্তানি শায়েক দোস্তের জোড়া গোলে ব্রাদার্স জয়ের দেখা পায়। ৩৫ ও ৭১ মিনিটে দুই গোল করেন শায়েক দোস্ত। ৫২ মিনিটে অপর গোল আলমগীর আলী খান গাজীর। যদিও জয় আহমেদ ১০ মিনিটে রহমতগঞ্জকে এগিয়ে নিয়েছিলেন। হেরে ৬ নম্বরে নেমে গেলে ১৯ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ। ২০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে মোহামেডান।



