ইতালির সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ও ইতালি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। ভবিষ্যতে দুই দেশ বাণিজ্য, সামরিক, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে।

গতকাল প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে তার কার্যালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলসান্দ্রোর বৈঠকে দুই দেশ এই অভিমত ব্যক্ত করে। এ সময় ইতালি দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো যামপ্যারেলি উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রদূত আলসান্দ্রো জানান, ইতালি বাংলাদেশ থেকে তৈরী পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য আমদানিতে আগ্রহী। ইতালি থেকে বাংলাদেশ আধুনিক প্রযুক্তি ও শিল্প-কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি কিনতে পারে, যা বাংলাদেশের শিল্প খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরো গভীর করতে বাংলাদেশে ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে সফর ও প্রীতিম্যাচ আয়োজনের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপদ ও নিয়মিত অভিবাসন সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির মধ্যে চলমান সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের উপায় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।