হারিয়ে যাওয়া এনআইডি দিয়ে সিম তুলে প্রতারণা

Printed Edition

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়ায় হাসান হাওলাদার নামের এক চাকরিজীবীর হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। চক্রটি ওই এনআইডির তথ্য ও ছবি ব্যবহার করে অনলাইনে ভুয়া ব্যবসার ফাঁদে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

জানা যায়, প্রতারক চক্রটি ০১৩২৬৬৯৪৯৯২ ও ০১৩৪০০২১০৩২ নম্বর ব্যবহার করে পণ্য সরবরাহের নামে মানুষের সাথে প্রতারণা করছে। টাকা নেয়ার পর তারা আর মালামাল সরবরাহ করছে না। ভুক্তভোগীরা ওই মোবাইল নম্বরগুলোর নিবন্ধন যাচাই করে দেখতে পান, সেগুলো হাসান হাওলাদারের নামের এনআইডি দিয়ে তোলা হয়েছে।

প্রতারণার শিকার ব্যক্তিরা এনআইডির ঠিকানা ধরে হাসান হাওলাদার ও তার পরিবারের সাথে যোগাযোগ করছেন। এতে চাকরিজীবী হাসান ও তার বাবা সাবেক পোস্ট মাস্টার আবদুল হালিম সমাজে চরম হেয় প্রতিপন্ন ও হয়রানির শিকার হচ্ছেন। সর্বশেষ গত ৭ মে এই চক্রটি উপজেলার কিশোর সাওজাল নামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় গত ১১ মে হাসান হাওলাদার কাঁঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে হাসান হাওলাদার উল্লেখ করেন, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের কর্মস্থল এলাকা থেকে তার এনআইডি কার্ডটি হারিয়ে যায়। ওই বছরের ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে প্রতারণার বিষয়টি জানতে পেরে ২০২৫ সালের ২২ এপ্রিল চট্টগ্রামের চান্দগাঁও থানায় আরো একটি জিডি এবং পরের দিন ২৩ এপ্রিল সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।