বিশেষ সংবাদদাতা
দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির ধারার পর অবশেষে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে কিছুটা স্বস্তি পেলেন ভোক্তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুন মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করেছে, যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে অটোগ্যাসের দামও কমানো হয়েছে।
গতকাল মঙ্গলবার ঘোষিত এই নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসির তথ্য অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৭ টাকা ৬ পয়সা। ফলে ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৯৪০ টাকা। এ ছাড়া অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের কনট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, জাহাজ ভাড়া, ট্রেডার প্রিমিয়াম এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। জুন মাসে গড় সিপি প্রতি মেট্রিক টন ৭৯৯ ডলার নির্ধারিত হয়েছে, যা মূল্য সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এই দাম কমানো সত্ত্বেও ভোক্তাদের স্বস্তি পুরোপুরি ফিরেনি। কারণ চলতি বছরের এপ্রিল মাসে মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় এলপিজির দাম মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল। সেই তুলনায় জুন মাসে ৫৫ টাকা কমানোকে অনেকেই অপ্রতুল বলে মনে করছেন।
সরকারি খাতের এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিইআরসি সতর্ক করে বলেছে, নির্ধারিত দামের বেশিতে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বাজারে কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে ভোক্তারা এই মূল্যহ্রাসের প্রকৃত সুফল ভোগ করতে পারবেন।



