ক্রীড়া প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম তফসিল ঘোষণায় জানালেন, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার মধ্য দিয়েই মূলত শুরু হয়ে গেল ভোটের আনুষ্ঠানিক যাত্রা। এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বোর্ড নির্বাচন হতে যাচ্ছে। এদিকে তামিম ইকবালের কমিটির বিপক্ষে রিট করা হয়েছে।
বুলবুল-ফারুকের রিট
এদিকে তফসিল ঘোষনার দিনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালকে চেয়ারম্যান করে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছেন বিসিবির নির্বাচিত সভাপতি মো: আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি ফারুক আহমেদ, পরিচালক খালেদ মাসুদ, আসিফ আকবরসহ ১২ জন রিটকারী। বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে ইতোমধ্যে মামলাটি পরিচালনার আনুষ্ঠানিক অনুমতি নেয়া হয়েছে। আগামী সপ্তাহে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
রিট আবেদন থেকে জানা যায়, গত ২০২৫ সালের ৬ অক্টোবর প্রচলিত ক্রিকেটীয় বিধি ও নিয়ম মেনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে বিসিবির দায়িত্ব গ্রহণ করেন। তবে গত ২০২৬ সালের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ৫ এপ্রিলের একটি বিশেষ তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্বাচিত এই কমিটি ভেঙে দেয়।
রিটকারীদের দাবি
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত অবৈধ। তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটির সকল কার্যক্রমের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করা। কমিটি ভেঙে দেয়ার মূল আদেশ এবং তদন্ত প্রতিবেদনের সত্যায়িত কপি দ্রুততম সময়ের মধ্যে রিটকারীদের কাছে পাঠানো। চূড়ান্ত শুনানি শেষে বেআইনিভাবে অপসারিত হওয়া নির্বাচিত কমিটিকে সপদে পুনর্বহাল করা।
আইসিসির ২.৪ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশের সরকার বা সরকারি সংস্থা কোনোভাবেই তাদের স্বাধীন ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বা প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে না।
তফসিল অনুযায়ী, ইতোমধ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের নাম জমা পড়েছে। আজ বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, কাল ভোটার তালিকা নিয়ে আপত্তি, ১৯ মে প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২০ ও ২১ মে শেরেবাংলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য) মূল্যে মনোনয়ন ফরম বিতরণ। ২১ ও ২২ মে মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ, ২৪ মে মনোনয়নের ওপর আপিল এবং শুনানি। ২৫ মে রাত ১২টা পর্যন্ত পোস্টাল ও ই-ভোটের আবেদন। চলবে ১-৬ জুন পর্যন্ত। ৭ জুন নির্বাচন।



