কূটনৈতিক প্রতিবেদক
দ্বিপক্ষীয় সম্পৃক্ততা ও সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও পাকিস্তান।
গতকাল রাজধানীর একটি হোটেলে পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভীর সাথে প্রাতঃরাশ বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৈঠকে দুই দেশ এ অভিমক্ত ব্যক্ত করে।
দুই মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় সম্পৃক্ততার সাম্প্রতিক গতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন। দুই পক্ষ একমত হয়, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, নারী উদ্যোক্তা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অব্যবহৃত সম্ভাবনা রয়েছে। তারা জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো ও বৃহত্তর প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর জোর দেন।
শামা ওবায়েদ আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয়পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে।



