কুয়াকাটা উপকূলে মৃত তিমি, সংরক্ষণে উদ্যোগ

Printed Edition
কুয়াকাটা উপকূলে ভেসে আসা মৃত তিমির পাশে পরিবেশকর্মীরা : নয়া দিগন্ত
কুয়াকাটা উপকূলে ভেসে আসা মৃত তিমির পাশে পরিবেশকর্মীরা : নয়া দিগন্ত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে একটি বিশালাকৃতির মৃত তিমি ভেসে এসেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে অর্ধগলিত অবস্থায় তিমিটিকে দেখতে পান স্থানীয় পরিবেশকর্মীরা।

খবর পেয়ে জেলা প্রশাসন, বনবিভাগ ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। তারা মৃত তিমিটির নমুনা সংগ্রহ এবং কঙ্কাল সংরক্ষণের প্রস্তুতি শুরু করেছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কয়েক দিন আগে গভীর সমুদ্রে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কী কারণে এর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের নির্দেশনায় তিমিটি সংরক্ষণের কার্যক্রম চলছে। এ কাজে বনবিভাগের পাশাপাশি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), বাংলাদেশ অ্যানিমেল লাভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া), বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এবং কুয়াকাটা পৌরসভা অংশ নিয়েছে।

উপরার আহ্বায়ক ও বিবিসিএফের সহসাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু বলেন, ‘তিমিটির প্রজাতি শনাক্ত, মৃত্যুর কারণ অনুসন্ধান এবং ভবিষ্যৎ গবেষণার স্বার্থে এর নমুনা ও কঙ্কাল সংরক্ষণ জরুরি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার।’

এর আগে কুয়াকাটায় একাধিকবার মৃত তিমি ও ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। ২০১৮ ও ২০২২ সালে সৈকত এলাকায় ৩০ থেকে ৪৫ ফুট দৈর্ঘ্যরে দু’টি মৃত তিমি উদ্ধার করা হয়েছিল। সে সময় বনবিভাগ নমুনা সংগ্রহের পাশাপাশি কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল।