কায়কোবাদের প্রার্থিতা বহাল, কাইয়ুমের শুনানি নির্বাচনের পর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। অন্য দিকে, ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের আবেদনের শুনানি নির্বাচনের পর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আদালত। গতকাল পৃথক এই আদেশগুলো দেয়া হয়।

কায়কোবাদের পক্ষে রায়

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কায়কোবাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিল আবেদন করেছিলেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো: ইউসুফ সোহেল। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ গতকাল সেই আবেদনটি খারিজ করে দেন। ইউসুফ সোহেলের আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে বিএনপি প্রার্থী কায়কোবাদের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই। এদিন আদালতে কায়কোবাদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মো: রুহুল কুদ্দুস কাজল ও মাহবুবুর রহমান খান।

রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর ইউসুফ সোহেল ইসিতে আপিল করেন। ১৯ জানুয়ারি ইসি সেই আবেদন খারিজ করলে তিনি হাইকোর্টে যান। হাইকোর্টও ইসির সিদ্ধান্ত বহাল রাখলে সর্বশেষ আপিল বিভাগে আবেদন করা হয়, যা আজ খারিজ হয়ে গেল।

এম এ কাইয়ুমের শুনানি নির্বাচনের পর

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট নাহিদ ইসলামের করা রিটটি সরাসরি খারিজ করে দিলে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে রিটটি দায়ের করা হয়েছিল।