আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

Printed Edition

কক্সবাজার অফিস

কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত এনেছে বিজিবি।

শনিবার বিকেলে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: হানিফুর রহমান ভুইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অব্যাহত প্রচেষ্টা, সমন্বিত উদ্যোগ এবং মানবিক তৎপরতার মাধ্যমে মিয়ানমার থেকে দেশে ফিরেছে বঙ্গোপসাগরে মায়ানমার আরাকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে। জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশী এবং একজন রোহিঙ্গা।

বিজিবি অধিনায়ক জানান, বিগত ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়া বেশকিছু বাংলাদেশী জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে মিয়ানমার আরাকান আর্মি ধরে নিয়ে যায়। পরবর্তীতে, আটককৃত জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং বিভিন্ন মেয়াদে তারা সেখানে আটক অবস্থায় থাকে।

তিনি জানান, গতকাল বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যলাইনে আরাকান আর্মির নিকট হতে মোট ১৪ জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফেরত নিয়ে আসে। তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সঙ্কট মোকাবেলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।