বিশ্বের প্রায় অর্ধেক ধূমপান যে দেশে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চীনে বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট ব্যবহার করা হয়। গত দুই দশকে বিশ্বের বেশিরভাগ দেশে ধূমপান কমলেও চীনের চিত্র উল্টো। ২০০৩ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে সিগারেটের ব্যবহার বেড়েছে ৩৯ শতাংশ, যেখানে বিশ্বের অন্যান্য অঞ্চলে তা কমেছে ২৬ শতাংশ।

২০১২ সালে বিল গেটসের সাথে এক বৈঠকে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং ধূমপানকে চীনের অন্যতম বড় সমস্যা বলে উল্লেখ করেছিলেন। নিজেও একসময় ধূমপায়ী ছিলেন শি। ধূমপান নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার কথাও বলেছিলেন তিনি।

কিন্তু ১৪ বছর পরও তামাক নিয়ন্ত্রণে চীনের অগ্রগতি খুবই সীমিত। বর্তমানে দেশটিতে বছরে প্রায় ২.৪০ লাখ কোটি সিগারেট বিক্রি হয়, যা বিশ্বের মোট বিক্রির প্রায় অর্ধেক।

বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ রাষ্ট্রীয় তামাক নিয়ন্ত্রণ সংস্থা এবং চীনের বৃহত্তম সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের শক্তিশালী প্রভাব। ২০২৫ সালে এই খাত থেকে প্রায় ২৪৪ বিলিয়ন ডলার রাজস্ব ও মুনাফা এসেছে, যা চীনের সরকারি আয়ের প্রায় ৭ শতাংশের সমান। চীনের অনেক প্রদেশ ও শহর তামাক করের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে ধূমপানবিরোধী নীতি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে অনীহা দেখা যায়। দেশজুড়ে ইনডোর বা ভবনের ভেতরে ধূমপান নিষিদ্ধ করার উদ্যোগও বারবার বাধার মুখে পড়েছে।