এএফপি
ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি শনিবার দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কারাদণ্ড কমাতে পারে, এমন একটি আইন কার্যকর হওয়া স্থগিত করেছেন। আইনটির বিরুদ্ধে করা আইনি চ্যালেঞ্জ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি কার্যকর হবে না বলে জানানো হয়েছে।
আদালতের নথি অনুযায়ী জানা গেছে, বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস নির্দেশ দিয়েছেন যে, আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে। এর আগে, গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায়ে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।
অভিযোগ ছিল, তিনি ২০২২ সালের নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজয়ের পরও ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিলেন। ডিসেম্বরে কংগ্রেসে পাস হওয়া এই আইনটি মূলত রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সংসদের সমর্থনে গৃহীত হয় এবং পরে জানুয়ারিতে প্রেসিডেন্ট লুলা এটিতে ভেটো দেন। তবে এপ্রিলের শেষ দিকে বলসোনারোর মিত্রদের নেতৃত্বে আইনপ্রণেতারা সেই ভেটো বাতিল করেন এবং শুক্রবার এটি কার্যকর হয়। নতুন এই আইনটি শুধু বলসোনারো নয়, অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে দণ্ডিত অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। এর ফলে সাজা কমানোর আবেদনপ্রক্রিয়া দ্রুত করা সম্ভব হতো এবং অনেকের ক্ষেত্রে কারাদণ্ড উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারত। তবে প্রতিটি দণ্ডিত ব্যক্তির আইনজীবীদের আলাদাভাবে সুপ্রিম কোর্টে আবেদন করে, সাজা পুনর্মূল্যায়নের অনুরোধ করতে হবে। আদালতের শনিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বামপন্থী দলগুলোর আবেদন বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি সাংবিধানিক কি না, তা নির্ধারণ না করা পর্যন্ত এই প্রক্রিয়া অকার্যকর থাকবে।



