সঙ্কট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি

Printed Edition

গ্যাস সঙ্কট, বন্ধ কারখানা এবং আর্থিক চাপ- এ তিন বড় চ্যালেঞ্জের মুখে এক সময় স্থবির হয়ে পড়েছিল দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। তবে সাম্প্রতিক সময়ে নতুন নেতৃত্ব, সুপরিকল্পিত উদ্যোগ এবং ধারাবাহিক সংস্কারের ফলে প্রতিষ্ঠানটি আবারো ঘুরে দাঁড়ানোর পথে এগোচ্ছে। নতুন শিল্প প্রকল্প স্থাপন, বন্ধ কারখানা চালু, প্রশাসনিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিসিআইসিকে একটি আধুনিক ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা চলছে।

এরই অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে পুনরায় গ্যাস সংযোগ দেয়ায় ২০২৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে পর্যায়ক্রমে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

একই সাথে বিসিআইসির বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্থলে নতুন শিল্প প্রকল্প স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। বিভিন্ন কারখানার খালি জায়গা ও অব্যবহৃত সম্পদকে কাজে লাগিয়ে সার, কেমিক্যাল, গ্লাস, ফাইবার ও ফার্মাসিউটিক্যাল উপকরণসহ বিভিন্ন ধরনের ১১টি শিল্প প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পখাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ দিকে দীর্ঘদিন ধীরগতিতে চলা ৩৪টি বাফার সার গুদাম নির্মাণ প্রকল্পেও চেয়ারম্যান মো: ফজলুর রহমানের নেতৃত্বে নতুন গতি এসেছে। ইতোমধ্যে অধিকাংশ গুদামের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কয়েকটি গুদামের নির্মাণকাজ চলমান রয়েছে। এতে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনা আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। - বিজ্ঞপ্তি ।