শান্তি প্রতিষ্ঠায় সমাজ ও রাষ্ট্রে রমজানের শিক্ষা বাস্তবায়ন অপরিহার্য : হামিদুর রহমান আযাদ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানব সভ্যতা গভীর সঙ্কটের মধ্য দিয়ে অতিক্রম করছে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অন্যায় আক্রমণে বিশ্বব্যাপী সঙ্কট আরো বেড়েছে। এই সঙ্কট থেকে মানবতাকে রক্ষার জন্য রমজানের শিক্ষার আলোকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। বিশ্বজুড়ে যুদ্ধ, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক বৈষম্য ও মানবিক বিপর্যয় যেমন উদ্বেগজনকভাবে বেড়েছে, তেমনি জাতীয় পর্যায়েও নৈতিক অবক্ষয়, সহিংসতা, অন্যায়-অনিয়ম ও সামাজিক অস্থিরতা ভয়াবহ রূপ নিয়েছে।

গতকাল কক্সবাজারের কালারছাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত তৃণমূল নেতাদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ড. আযাদ আরো বলেন, শক্তির দাপট ও স্বার্থকেন্দ্রিক রাজনীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে মানবতা আজ বিপন্ন। একইভাবে দেশব্যাপী খুন, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটভিত্তিক অপরাধ সমাজের ভিত নড়বড়ে করে দিচ্ছে। এসব অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে রমজানের শিক্ষা থেকেই নৈতিক শক্তি অর্জন করতে হবে।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জন, আত্মসংযম ও নৈতিক শুদ্ধতার এক অনন্য সুযোগ। রমজানের শিক্ষা কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এর বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

ড. হামিদ আযাদ বলেন, রমজান আমাদেরকে ধৈর্য, ত্যাগ, সহমর্মিতা ও ন্যায়বোধের শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই পরিবারে সৌহার্দ্য, সমাজে মানবিকতা এবং রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি পরিবারকে নৈতিক শিক্ষার প্রথম কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, একটি সুস্থ ও স্থিতিশীল সমাজ গঠনের ভিত্তি পরিবার থেকেই শুরু হয়।

মতবিনিময় সভায় ইউনিয়ন সভাপতি মো: আবু হেনার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো: জাকের হোসেন, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, মহেশখালী উপজেলা উত্তর আমির মাস্টার নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা।