বাউবির ভিসি নিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে সংবর্ধনা

Printed Edition

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রথিতযশা ইতিহাসবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সম্মানে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ ‘অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন’-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অ্যালামনাই এবং শুভানুধ্যায়ীদের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাউবির ভিসি হিসেবে নিয়োগ লাভ করায় প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে সম্মাননা ক্রেস্ট, শুভেচ্ছা স্মারক, মানপত্র ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘আজকের এই আয়োজন আমার জন্য কেবল আনুষ্ঠানিক সংবর্ধনা নয়; এটি গভীর ভালোবাসা, আন্তরিকতা ও আত্মিক বন্ধনের এক স্মরণীয় প্রকাশ।’ তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিতে তিনি গর্ববোধ করেন।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তার শিক্ষা ও গবেষণায় অবদান, প্রশাসনিক দক্ষতা, মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, সাবেক ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, অধ্যাপক ড. হাবিবা খাতুন, অধ্যাপক ড. আয়েশা বেগম, অধ্যাপক মঞ্জরুল আলম খান, অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো: সদরুল আমিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম এবং ভিসির সহধর্মিণী ড. আলো আরজুমান বানু। বিজ্ঞপ্তি।