স্থানীয় সরকার নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা এনসিপির

ঈদের আগেই হবে আরো ১০০ প্রার্থী ঘোষণা

Printed Edition
এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতৃবৃন্দ : নয়া দিগন্ত
এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতৃবৃন্দ : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সাথে ঈদের আগেই দ্বিতীয় ধাপে আরো ১০০ প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলেও জানিয়েছে দলটি।

গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থানীয় সরকার পরিচালনা কমিটির প্রধান ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলের কাছে এক হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ১০০ জনকে চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ মে’র মধ্যে দ্বিতীয় ধাপে আরো ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সারজিস আলম বলেন, আমরা ধাপে ধাপে সারা দেশের উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করব। পাঁচটি সিটি করপোরেশনের প্রার্থীও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, অন্য সিটিগুলোর নামও দ্রুত জানানো হবে।

তিনি বলেন, এনসিপি শুধু নিজেদের দলের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। অন্যান্য রাজনৈতিক দলের যোগ্য, পরিশ্রমী ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরাও দলটির ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন, যদি তারা নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেন।

এনসিপির এই নেতা জানান, প্রার্থীদের ক্ষেত্রে দুর্নীতি, নিপীড়ন, ফৌজদারি অপরাধ কিংবা আগের স্বৈরাচারী সরকারের সাথে সরাসরি সম্পৃক্ততা না থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে আসা নেতা-কর্মীদের মনোনয়ন দেয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, কেউ আগে বিএনপি বা জামায়াত করেছে, কেউ আবার কখনো রাজনীতি করেনি। আবার এমন কিছু মানুষও আছেন যারা কয়েক বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করলেও পরে সেখান থেকে সরে এসেছে এবং জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। এমন ব্যক্তিরাও এখানে স্থান পেয়েছেন।

জোটগত নির্বাচনের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আপাতত এককভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে ভবিষ্যতে জোটের বিষয়ে আলোচনা হলে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে। সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।