আলজাজিরা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা সরে যাওয়ার পর গণকবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও একটি নাগরিক সমাজ সংগঠন। বৃহস্পতিবার দেশটির উভিরা শহরের উপকণ্ঠে কিরোমনি ও কাভিমভিরা এলাকায় দু’টি গণকবর থেকে অন্তত ১৭১টি লাশ পাওয়া গেছে।
দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জ্যাঁ-জ্যাক পুরুসির ভাষ্য অনুযায়ী, কিরোমনিতে প্রায় ৩০টি এবং কাভিমভিরায় ১৪১টি লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় সংগঠন ‘সিভিলিয়ান প্রোটেকশন নেটওয়ার্ক’ বলছে, তারা গণকবরগুলো পরিদর্শন করতে চেয়েছিল। কিন্তু কঙ্গোর সেনাবাহিনী তাদের সেখানে যেতে দেয়নি। সংগঠনের এক নেতা দাবি করেছেন, নিহতরা এম২৩ বিদ্রোহীদের হত্যার শিকার হয়েছে, কারণ তাদের সরকারি বাহিনী বা সরকারপন্থী মিলিশিয়ার সদস্য বলে সন্দেহ করা হয়েছিল।
তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মানবাধিকার সংগঠনগুলো অতীতে কঙ্গোর সেনাবাহিনী ও এম২৩ উভয়ের বিরুদ্ধেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ তুলেছে। মার্চ ২৩ মুভমেন্ট বা এম২৩ পূর্ব কঙ্গোর অন্যতম প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী।



