উরুগুয়ের বিশ্বকাপ দলে নেই সুয়ারেজ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অবসর ভেঙে আরেকটি বিশ্বকাপে খেলার ইচ্ছা পোষণ করেছিলেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। জাতীয় দলে ফেরার দুয়ার খোলা রাখলেও ডাক পেলেন না দেশটির হয়ে করা রেকর্ড গোলস্কোরার। এই তারকাকে ছাড়াই উত্তর আমেরিকা আসরের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশটির কোচ মার্সেলো বিয়েলসা।

২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান উরুগুয়ের হয়ে ১৪৩ ম্যাচে রেকর্ড ৬৯ গোল করা সুয়ারেজ। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড সম্প্রতি বলেছিলেন, জাতীয় দলে প্রয়োজন হলে তিনি অবসর ভেঙে ফিরবেন। কিন্তু গতকাল ঘোষিত দলে জায়গা হলো না তার। দলে ডাক পাননি ৩০ বছর বয়সী আরেক অভিজ্ঞ মিডফিল্ডার নাহিতান নান্দেজও। এ ছাড়া দলে আছেন নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাই। রক্ষণভাগ সামলাবেন বার্সেলোনার ২৭ বছর বয়সী অভিজ্ঞ ফুটবলার রোনালদ আরাউহো, অ্যাথলেটিকো মাদ্রিদের ৩১ বছর বয়সী হোসে মারিয়া হিমেনেস ও নাপোলির মাথিয়াস অলিভেরা। মাঝমাঠের দায়িত্বে থাকবেন ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেন্তানকুর, মানুয়েল উগার্তে ও নিকোলাস দে লা ক্রুসের মতো খেলোয়াড়রা। আক্রমণভাগের নেতৃত্ব দেবেন দারউইন নুনেজ।

আগামী ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।