জনগণের রায় নিয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডা: তাহের

Printed Edition

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, দেশের গণমানুষের রায় নিয়ে আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশা আল্লাহ। এটি এখন একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। এই জোটে স্বাধীনতাযুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামিক দলগুলো রয়েছে।

গতকাল বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারের এক হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলরদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

ডা: তাহের বলেন, আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মের জন্য মাইলফলক। একটি সুখী, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পর আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্টের বিপবের মাধ্যমে মুক্তি পেয়েছি। এর আগে আমরা পুরোপুরি স্বাধীন ছিলাম না; আমাদের ভূখণ্ড ছিল; কিন্তু যারা সরকারে ছিল তারা ভারতের বশ্যতা স্বীকার করে দেশ পরিচালনা করেছিল। আমাদের যুবকরা রক্ত দিয়ে সেই আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে।’

চৌদ্দগ্রামসহ সমগ্র দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘আমি চাই সব রাজনৈতিক দলের কর্মী ও প্রার্থীরা আন্তরিক হয়ে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাজ করুক। আমি নির্বাচিত হলে কাউকে দলীয়ভাবে বিবেচনা না করে অতীতের মতো সবাইকে সমান গুরুত্ব দিয়ে একসাথে কাজ করব।’

নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতা তুলে ধরে তিনি বলেন, ‘২০০১-০৬ সালে ক্ষমতায় থাকাকালীন আমি কোনো ধরনের দুর্নীতি করিনি। বিগত সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করলেও পরে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে।’

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মু: ইব্রাহিম ও সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আবদুল মমিন, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভূঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকনসহ আরো অনেকে। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় তিন শতাধিক সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।