বিদ্যুৎ সাশ্রয়ে আবার সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরো জোরদার করতে শপিং মল, মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট আবারো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গত রোববার (৩১ মে) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

এই আদেশটি বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, ঈদ উপলক্ষে দেয়া এই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আজ ১ জুন থেকে আবারো আগের মূল সিদ্ধান্ত বহাল করা হলো। এর ফলে, আজ থেকে রাত ১০টার পরিবর্তে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাটকে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করে বন্ধ করতে হবে।

আদেশে আরো বলা হয়, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। শপিং মল ও বিপণিবিতানের পাশাপাশি এই একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান ও আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও কঠোরভাবে প্রযোজ্য হবে।

বিদ্যুৎ বিভাগ এই নতুন নির্দেশনাটি মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে।