নোয়াখালী অফিস
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৫৪ বছর পর নিজ বাড়িতে ফিরে এসেছেন ছৈয়দ আহমেদ (৮০) নামের এক বৃদ্ধ। গত শনিবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার এই বাসিন্দা ফিরে আসায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের বাসিন্দা ছৈয়দ আহমেদ পেশায় জেলে ছিলেন। প্রায় সাড়ে পাঁচ দশক আগে কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ভয়াবহ ট্রলারডুবির কবলে পড়েন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে একসময় পরিবার ধরে নিয়েছিল তিনি আর বেঁচে নেই। দীর্ঘদিন নিখোঁজ থাকায় স্বজনরা তার শোকও কাটিয়ে উঠেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর কোনোভাবে প্রাণরক্ষা করে তিনি ভারতের সীমান্তে পৌঁছে যান। সেখানে দীর্ঘ সময় ভারতের বিভিন্ন এলাকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করে জীবন অতিবাহিত করেন। গত ৫৪ বছরেও পরিবারের সাথে যোগাযোগের কোনো উপায় ছিল না তার।
সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় ছৈয়দ আহমেদ ছিনতাইকারীর কবলে পড়েন। স্থানীয় পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বাংলাদেশী পরিচয় দিলে আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজিবির মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়। শনিবার রাতে তিনি যখন নিজ বাড়িতে পৌঁছান, তখন সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। হাতিয়া থানার ওসি কবির হোসেন জানান, বৃদ্ধের ছেলে আকরাম হোসেন তার বাবা ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।



