প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। রোববার আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ এসব হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের করা এসব মামলার পর্যালোচনা ও প্রত্যাহারের লক্ষ্যে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে একটি কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।

কমিটিগুলো রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন আহ্বান করে। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি ৩৯টি সভার মাধ্যমে যাচাই-বাছাই শেষে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। এ কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।