প্রযুক্তি ডেস্ক
দেশের বাজারে অনার ৬০০ সিরিজের ‘অনার ৬০০ প্রো’, ‘অনার ৬০০’ ও ‘অনার ৬০০ লাইট’ মডেলের নতুন তিন প্রিমিয়াম স্মার্টফোন উন্মোচন করেছে অনার বাংলাদেশ। অনার ৬০০ সিরিজের ফোনগুলোর প্রধান আকর্ষণ হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। অনারের নিজস্ব ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ টুলও রয়েছে ফোনগুলোতে। টুলটির মাধ্যমে সাধারণ স্থির ছবি থেকে মুহূর্তেই উচ্চমানের ভিডিও তৈরি করা সম্ভব। এ ছাড়া একাধিক ছবি ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণের মতো চমৎকার সব উদ্ভাবনী ফিচার যুক্ত করা হয়েছে ফোনগুলোয়। সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার ৬০০ প্রো-তে ব্যবহার করা হয়েছে ম্যাট ধাতব কাঠামো। স্থায়িত্বের জন্য এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং, যা ফোনটিকে পানি ও ধূলিকণা থেকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করবে। উন্নত রেজল্যুশনের ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রানাইট ক্যামেরা এবং টেলিফটো স্থিতিশীলতার সুবিধা। ফোনটিতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। কমলা, কালো ও সোনালি রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। সিরিজের অন্য দুটি মডেল অনার ৬০০ এবং অনার ৬০০ লাইটেও আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোন দুটির দাম যথাক্রমে ৬৯ হাজার ৯৯৯ ও ৪৪ হাজার ৯৯৯ টাকা।



