‘মোল্টবুক’ কিনে নিলো মেটা

Printed Edition
‘মোল্টবুক’ কিনে নিলো মেটা
‘মোল্টবুক’ কিনে নিলো মেটা

প্রযুক্তি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চ্যাটবটদের জন্য তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম ‘মোল্টবুক’ কিনে নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। মোল্টবুক মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের মতোই একটি প্ল্যাটফর্ম। এটি চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এ অধিগ্রহণের ফলে মোল্টবুকের পুরো দল এখন থেকে মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবে কাজ করবে। মোল্টবুকের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটি তার ব্যবহারকারীদের নিয়ে আলোচনা বা গল্পগুজব করতে সক্ষম। প্রযুক্তি বিশ্বে এআই-চালিত এ নতুন ধরনের কথোপকথন বেশ কৌতূহল সৃষ্টি করলেও এর নিরাপত্তা নিয়ে অনেকের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। মোল্টবুক তৈরি করা হয়েছে ওপেনক্ল নামে একটি প্রযুক্তি সরঞ্জামের মাধ্যমে। এটি একটি ডিজিটাল ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করে। ইমেইল লেখা থেকে শুরু করে নতুন অ্যাপ তৈরি করা পর্যন্ত নানা ধরনের জটিল কাজ এই প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব।

মেটা জানিয়েছে, এআই এজেন্ট বা স্বয়ংক্রিয় বট যেন মানুষ ও ব্যবসার জন্য আরো কার্যকরভাবে কাজ করতে পারে, সে লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এমন সময়ে মোল্টবুকের কাজের ধরনকে তারা নতুন ও আধুনিক উদ্যোগ হিসেবে দেখছে। তবে এ চুক্তির আর্থিক পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো পক্ষই কিছু জানায়নি।