নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী বুলবুল আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও এনসিপির নেতাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ-সমর্থক পরিচয়ে বুলবুল আহমেদ গত ১৫ বছর ধরে একই কর্মস্থলে বহাল রয়েছেন। একাধিকবার বদলির আদেশ হলেও অজ্ঞাত কারণে তা বাতিল করা হয়। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে এমএসআর, পথ্য, স্টেশনারি ও ধোপা সরবরাহসংক্রান্ত ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি পথ্য সরবরাহের দরপত্রে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দেয়াকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ঠিকাদারদের সাথে বাথগি¦তণ্ডার ঘটনা ঘটে। পরে এ নিয়ে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
অভিযোগে আরো বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে ২৬ জন কর্মচারী পরিবারসহ বসবাস করলেও অনেকের বাসাভাড়া সরকারি বিধি অনুযায়ী মূল বেতনের নির্ধারিত হারে কাটা হচ্ছে না। এতে সরকার রাজস্ব হারাচ্ছে।
সরকারি বিধি মতে একজন কর্মচারী তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকতে পারেন না। কিন্তু কিভাবে বুলবুল আহমেদ ১৫ বছর ধরে একই প্রতিষ্ঠানে রয়েছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
নীলফামারীর সিভিল সার্জন আব্দুর রাজ্জাক বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের অভিযোগের ভিত্তিতে প্রধান সহকারীর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



