ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
সংবাদ সম্মেলনে জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি রাষ্ট্রের কোনো অংশ কিংবা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থাকে, তার বিচার এই বাংলাদেশেই হতে হবে। এই বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
তিনি অভিযোগ করেন, হাদি গুম কমিশন ও পিলখানা কমিশনের রিপোর্ট প্রকাশের পক্ষে সোচ্চার ছিলেন। এসব বিষয়ে তার শক্ত অবস্থানের কারণেই তিনি হত্যার শিকার হয়ে থাকতে পারেন।
জাবের বলেন, ‘শুধু নামকাওয়াস্তে তদন্ত বা চার্জশিট দিয়ে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলে আমরা তা মেনে নেবো না। রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে তারা হাদির হত্যার বিচার করবে কি করবে না।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘হাদি হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা বর্তমান ইসির অধীনে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। আমরা নির্বাচনবিরোধী নই, কিন্তু এই ইসির বিরুদ্ধেই আমাদের অবস্থান।’
জাবের বলেন, ‘আমরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গেছি, তারা মাথায় হাত রেখে শুধু দোয়া করে দেয়। তারা নিজেদের অসহায়ত্ব দেখিয়েছে। একটি বড় রাজনৈতিক দলের সাথে সাক্ষাতের চেষ্টা করলে তারা আমাদের সাথে দেখাই করেনি। অথচ সেই দলই শহীদ ওসমান হাদিকে নিয়ে আবেগী বক্তব্য, ভিডিওগ্রাফি ও নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছে। এই দ্বিচারিতা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
মামলার চার্জশিট নিয়ে তিনি অভিযোগ করেন, ‘খুনের সাথে সরাসরি জড়িত ফিলিপকে শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, হত্যার পরিকল্পনার অংশ হিসেবে নয়। পলাতক আসামিদের অবস্থান এখনো শনাক্ত না হওয়া গভীর সন্দেহের জন্ম দিচ্ছে।’



