সমাজ বদলে দেয়া ৬ জনকে সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ

Printed Edition
সমাজ বদলে দেয়া ৬ জনকে সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ
সমাজ বদলে দেয়া ৬ জনকে সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ

চড়াই-উতরাই পেরিয়ে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া ছয়জন ব্যতিক্রমী মানুষকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননায় ভূষিত করেছে শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জাঁকজমকপূর্ণ ‘এম-রাইজ গালা নাইট’-এ হিরোদের জীবনভিত্তিক ডকুমেন্টারি, হিরো রিভিল ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চলচ্চিত্র নায়ক শাকিব খান। এ সময় উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের গ্রুপ হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ।

এম-রাইজের প্রথম আসরে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু, যিনি স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে অসংখ্য মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছেন। কক্সবাজারের মো: রোস্তম আলী ‘মা-বাবা ফাউন্ডেশন’-এর মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের আশ্রয় ও সহায়তা দিয়ে যাচ্ছেন। ঢাকার প্রাণিসেবক মো: আবদুল কাইয়ুম পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসাসেবায় দীর্ঘদিন ধরে কাজ করছেন।

এ ছাড়া চট্টগ্রামের মো: রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহায়তা প্রদান করছেন। কক্সবাজারের মরিয়ম সমুদ্রশৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। অন্য দিকে প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতায় কাজ করে যাচ্ছেন।

সম্মাননা পাওয়া হিরোদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এমন ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে উৎসাহিত করায় আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানান। স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করা জয় বড়ুয়া লাবলু বলেন, আমি সবসময় বিশ্বাস করেছি প্রযুক্তি শুধু উদ্ভাবনের জন্য নয়, মানুষের জীবন সহজ ও সুন্দর করার জন্য হওয়া উচিত। মানুষের মুখে হাসি দেখার অনুভূতিই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। এমন উদ্যোগকে স্বাগত জানাই।

সত্যিকারের হিরোদের হাতে সম্মননা তুলে দিতে পেরে শাকিব খান বলেন, সত্যিকারের হিরোদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। বিজ্ঞপ্তি।