বিয়ে করলেন পপতারকা দুয়া লিপা

Printed Edition
বিয়ে করলেন পপতারকা দুয়া লিপা
বিয়ে করলেন পপতারকা দুয়া লিপা

বিনোদন ডেস্ক

ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা দুয়া লিপা। ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

লন্ডনে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই তারকা জুটি বিয়ে সম্পন্ন করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের বিয়ের প্রথম ছবি প্রকাশ পাওয়ার পরপরই বিশ্বজুড়ে ভক্তদের মাঝে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। লন্ডনের মেরিলিবোন রেজিস্ট্রি অফিসে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৩০ বছর বয়সী দুয়া এবং ৩৬ বছর বয়সী ক্যালামের বিয়ে সম্পন্ন হয়। রেজিস্ট্রি অফিসের সিঁড়ি দিয়ে নামার সময় তাদের পরিবার ও বন্ধুরা এই নবদম্পতির ওপর কনফেটি (কাগজের টুকরো) ছুড়ে আনন্দ প্রকাশ করেন।

এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি কালো ট্যাক্সিতে করে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী এক জমকালো পার্টির পরিকল্পনা করেছেন এই জুটি। সপ্তদশ শতাব্দীর ঐতিহ্যবাহী ভিলা ভালগুয়ারনেরাতে এই রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং অতিথিদের থাকার জন্য বিলাসবহুল ভিলা ইগিয়া হোটেল বুক করা হয়েছে। এই পার্টির অতিথি তালিকায় স্যার এলটন জন, মার্ক রনসন, চার্লি এক্সসিএক্স ও বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার দোনাতেলা ভার্সাচির মতো মহাতারকারা থাকছেন বলে জানা গেছে।

২০২৪ সাল থেকে দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের সম্পর্কটি মিডিয়ার নজরে আসে। যদিও তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে সব সময় প্রচারের আড়ালে রাখতেই পছন্দ করতেন। ২০২৫ সালের জুন মাসে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের খবর নিশ্চিত করেন। বাগদানের এক বছরের মাথায় নিজেদের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে স্থায়ীভাবে জীবনসঙ্গী হিসেবে পথচলা শুরু করলেন এই তারকা যুগল।