সার্ভারে পেমেন্ট দেখালেও ৩ মাসেও পাননি মাতৃত্বকালীন ভাতা

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত মাতৃত্বকালীন ভাতা কর্মসূচির অর্থপ্রদান নিয়ে ফরিদপুর পৌরসভায় জটিলতা দেখা দিয়েছে। মন্ত্রণালয়ের অনলাইন সার্ভারে ভাতা পরিশোধের তথ্য দেখালেও গত তিন মাস ধরে অনেক ভাতাভোগী নারীরা টাকা পাননি বলে অভিযোগ উঠেছে।

ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে বর্তমানে ১৮৯ জন নারী এ কর্মসূচির আওতায় রয়েছেন। প্রতি ওয়ার্ড থেকে সাতজন করে দরিদ্র মা এ সহায়তা পাওয়ার কথা। সরকারি নিয়ম অনুযায়ী, প্রথম বা দ্বিতীয় সন্তানের জন্য প্রতি মাসে ৮০০ টাকা করে ৩৬ মাসে মোট ২৮ হাজার ৮০০ টাকা সরাসরি ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, তাদের প্রোফাইলে গত তিন মাসে দুই দফা পেমেন্ট সম্পন্ন হয়েছে বলে সার্ভারে দেখাচ্ছে। কিন্তু বাস্তবে সংশ্লিষ্ট মোবাইল অ্যাকাউন্টে কোনো অর্থ জমা হয়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন বলেন, বিষয়টি কেন্দ্রীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের দাবি, ভাতার অর্থ সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে উপকারভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হয়। স্থানীয় প্রশাসনের এ প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। ২০ থেকে ৩৫ বছর বয়সী দরিদ্র, ভূমিহীন ও প্রতিবন্ধী মায়েদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ ভাতা প্রদান করা হয়। গত জুলাই থেকে অর্থ ছাড় শুরু হলেও টানা তিন মাস টাকা না পাওয়ায় উপকারভোগী পরিবারগুলোর মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।