চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে ১৫৫ কেজি ওজনের বিশাল সামুদ্রিক কোরাল মাছ সবার দৃষ্টি কেড়েছে। সুন্দরবনসংলগ্ন উপকূলীয় সমুদ্র এলাকা থেকে ধরা পড়া মাছটি বাজারে আনার পর থেকেই এটি দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ।

গতকাল বৃহস্পতিবার কাজীর দেউড়ি বাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানান।

ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, দুই দিন আগে একটি মাছ ধরার ঘাটে তিনি বিশাল আকৃতির কোরাল মাছটির খবর পান। পরে মাছটি কেনার সিদ্ধান্ত নেন। মাছটি কিনতে তার খরচ হয়েছে এক লাখ ১০ হাজার টাকা। চট্টগ্রামে আনার জন্য পরিবহন খরচ হয়েছে আরো ১০ হাজার টাকা।

তিনি জানান, মাছটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা। ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছের অগ্রিম বুকিং হয়ে গেছে। আগামী শনিবার পর্যন্ত বুকিং নেয়া হবে। এরপর বুকিং অনুযায়ী মাছটি কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।

আনোয়ার হোসেন বলেন, ‘এত বড় আকারের কোরাল মাছ বাজারে খুব কমই আসে। তাই মাছটি নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মাছটি দেখতে আসছেন, আবার কেউ কেউ বুকিং দিয়ে রাখছেন।’

বাজারে মাছটি দেখতে আসা কয়েকজন ক্রেতা জানান, এত বড় আকারের কোরাল মাছ তারা সচরাচর দেখেননি। ফলে মাছটি দেখতে যেমন মানুষের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি উন্নত মানের সামুদ্রিক মাছ হওয়ায় অনেকেই কিনতেও আগ্রহী।

কোরাল মাছ সামুদ্রিক মাছের মধ্যে জনপ্রিয় একটি প্রজাতি। সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ হওয়ায় বাংলাদেশে এ মাছের চাহিদা রয়েছে। সাধারণত বঙ্গোপসাগরসহ উষ্ণমণ্ডলীয় সমুদ্র ও উপকূলীয় এলাকায় কোরাল মাছ পাওয়া যায়। আকারভেদে এ মাছের ওজন কয়েক কেজি থেকে শুরু করে অনেক বেশি হতে পারে। তবে ১৫৫ কেজি ওজনের এত বড় কোরাল মাছ বাজারে আসা বিরল ঘটনা বলেই মনে করছেন স্থানীয় মাছ ব্যবসায়ীরা।

এ দিকে বিশাল আকৃতির মাছটি দেখতে কাজীর দেউড়ি বাজারে মানুষের আগ্রহ অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মাছটির ছবি ও খবর ছড়িয়ে পড়ায় কৌতূহলী মানুষের সংখ্যা আরো বাড়ছে।