সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে ৫৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেহানা পারভীন জানান, গত রোববার দুপুর থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত আহতরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এর মধ্যে রোববার ৩১ জন এবং সোমবার দুপুর পর্যন্ত আরো ২৩ জন চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২১ জন নারী। এদের মধ্যে ১০ বছরের নিচে ৯ জন শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী সাতজন রয়েছেন। অধিকাংশই সখীপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
চিকিৎসকরা জানান, রোববার দুপুরের পর হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যায় এবং রাত পর্যন্ত চাপ অব্যাহত থাকে। সোমবারও একই পরিস্থিতি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের সঙ্কট দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, বেওয়ারিশ কুকুরের উপদ্রবে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত কুকুর নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন তারা।
ডা: রেহানা পারভীন বলেন, ভ্যাকসিন সঙ্কটের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সীমিত ভ্যাকসিন থাকায় সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না, ফলে অনেকে বাইরে থেকে সংগ্রহ করে চিকিৎসা নিচ্ছেন।



