পুরাপাড়া ইউনিয়নে মেধাবৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

Printed Edition

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে অনার্স ক্লাবের উদ্যোগে মেধাবৃত্তিপ্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণডাঙ্গা উচ্চবিদ্যালয়ের হলরুমে আয়োজিত ‘অনার্স ক্লাব মেধাবৃত্তিপ্রাপ্ত ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী সাতজন শিক্ষার্থী এবং অনার্স ক্লাবের মেধাবৃত্তিপ্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। তাদের হাতে ফুল, সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং বৃত্তির প্রথম কিস্তির অর্থ তুলে দেয়া হয়।

সভাপতির বক্তব্যে অনার্স ক্লাবের সভাপতি ওসমান মোল্যা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে হবে।

সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা আবেদ আলী ফকির ও সহসভাপতি আব্দুল গণি মিয়া। বক্তারা শিক্ষার্থীদের মাদক, কুসংস্কার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে জ্ঞানভিত্তিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনার্স ক্লাবের কোষাধ্যক্ষ তরিকুর রহমান অঙ্কন।