গৌরনদীতে অবসরের পরও ভূমি অফিসে সক্রিয় কর্মচারী, ঘুষের অভিযোগে তোলপাড়

Printed Edition

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের গৌরনদী উপজেলা ভূমি অফিসে অবসরের ১৩ মাস পরও এক কর্মচারীর নিয়মিত দায়িত্ব পালন নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পরও তিনি গুরুত্বপূর্ণ দাফতরিক কাজে যুক্ত থাকায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অফিস সহকারী বাকের হোসেনের এলপিআর মেয়াদ শেষ হয় ২০২৫ সালের জানুয়ারিতে। নিয়ম অনুযায়ী তিনি অবসরে থাকার কথা থাকলেও বর্তমানে প্রতিদিন বরিশাল থেকে গৌরনদীতে এসে অফিস করছেন এবং বিভিন্ন দাফতরিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

অভিযোগ রয়েছে, তিনি ১৫০ ধারার মামলা, ভিপি সম্পত্তি সংক্রান্ত কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত রয়েছেন। এমনকি সরকারি নোটিশেও তার স্বাক্ষরের ঘটনা সামনে এসেছে, যা প্রশাসনিক বিধি লঙ্ঘনের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগীদের অভিযোগ, ১৫০ ধারার মামলার তারিখ ঘিরে তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়। টাকা না দিলে সেবা পেতে বিলম্ব বা জটিলতার মুখে পড়তে হয়। একাধিক ব্যক্তি দাবি করেন, অবসরপ্রাপ্ত হওয়ায় তার কোনো সরকারি বেতন-ভাতা নেই, ফলে সেবা নিতে আসা মানুষের কাছ থেকে আদায় করা অর্থই তার আয়ের উৎসে পরিণত হয়েছে। অফিসের ভেতরে বিষয়টি নিয়ে চাপা অসন্তোষ থাকলেও প্রভাবশালী মহলের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলে জানা গেছে।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী বাকের হোসেন বলেন, সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশেই তিনি অফিসে আসেন। তবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

অন্য দিকে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।