খাদেমুল বাবুল জামালপুর
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে দশআনী নদীর ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। বোলাকীপাড়া থেকে গাইবান্ধা ইউনিয়নের আগুনের চর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় চলমান এ ভাঙনে চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে নদীভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। এরই মধ্যে বোলাকীপাড়া-নাপিতেরচর বাজার সড়কসহ অর্ধশতাধিক বসতবাড়ি এবং শত শত একর ফসলি জমি নদীতে চলে গেছে। ভাঙনের ফলে ইসলামপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা বকশীগঞ্জ উপজেলার সাথে যুক্ত হয়ে গেছে বলেও জানান তারা।
নদীভাঙন থেকে ঘরবাড়ি ও জমি রক্ষায় স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের পাইলিং ও বেড়া নির্মাণ করলেও তা কার্যকর হচ্ছে না। প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে।
বোলাকীপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘নদীভাঙনের কারণে মানুষ সর্বস্ব হারাচ্ছে। দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে আরো বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।’
স্থানীয় আরেক বাসিন্দা গোল্লা মিয়া জানান, নিজের অর্থে বাঁশের পাইলিং করেও তার বাড়ি রক্ষা করা সম্ভব হয়নি।
গোয়ালেরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা আমিরুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে অবহেলিত এ অঞ্চলের মানুষ এখন নদী ভাঙনের কারণে চরম দুর্ভোগে রয়েছে। তিনি দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন।



