ভিনিসিয়াসের জোড়ায় শেষ আটে রিয়াল

Printed Edition
গোল দিয়ে কান্নার ভঙ্গিতে তা উদযাপন ভিনিসিয়াসের : ইন্টারনেট
গোল দিয়ে কান্নার ভঙ্গিতে তা উদযাপন ভিনিসিয়াসের : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে ভিনিসিয়াস জুনিয়রকে বিদ্রুপ করে বিশাল ব্যানার ছিল ইত্তিহাদের গ্যালারিতে। এবার সেই মাঠেই দুই গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলে কান্নার মতো উদযাপন করে জবাব দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ নিয়ে পাঁচ মৌসুমে চতুর্থবার পেপ গার্দিওলার দলকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিল রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতে দুই লেগ মিলে ৫-১ এগ্রিগেটে শেষ আট নিশ্চিত করল প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা।

লিগে অন্য ম্যাচে বায়ার লেভারকুজেনকে ২-০ গোলে সহজে হারিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। আর নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর মিশনে খেলতে নেমে আক্রমণাত্মক ফুটবলে লড়াইয়ের মানসিকতা দেখাল চেলসি। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় আবারো পিএসজির কাছে হেরে মাঠ ছাড়তে হয়েছে ব্লুজদের। স্ট্যামফোর্ড ব্রিজে গত পরশু ইউরোপসেরার প্রতিযোগিতায় শেষ ষোলোর ফিরতি লেগে ৩-০ গোলে হেরেছে চেলসি। ফলে দুই লেগ মিলে ৮-২ অগ্রগামিতায় কোয়ার্টার নিশ্চিত করল লুইস এনরিকের দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ ইত্তিহাদে গত পরশু অবিশ্বাস্য কিছুর আশা নিয়ে মাঠে নামে গার্দিওলার শির্ষরা। তবে ম্যাচ শুরুর ২০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটির অধিনায়ক বার্নার্দো সিলভা। এতে অনেকটা পিছিয়ে পড়ে নাটকীয় কিছু করে দেখাতে পারল না সিটিজেনরা। সিলভা মাঠ ছাড়ার দুই মিনিট পরই পিছিয়ে পড়ে ম্যানসিটি। ১৭ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ভিনিসিয়াসের নেয়া জোরাল শট পোস্টে লেগে ফিরে আসে। সিটি যদিও বল ক্লিয়ার করতে পারেনি। বক্সের ভেতরেই অন্য পাশ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট সিলভার হাতে লাগলে পেনাল্টির আবেদন করে রিয়ালের খেলোয়াড়রা। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআরে দীর্ঘ পরীক্ষার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেই সাথে সরাসরি লাল কার্ড দেখান সিটি অধিনায়ক সিলভাকে। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস।

ম্যাচের ৪১ মিনিটে সমতায় ফেরে ম্যানসিটি। জটলার ভেতর দিয়ে আসা বলে কাছ থেকে হলান্ড ঠিকমতো পা ছোঁয়াতে না পারলেও গড়িয়ে গড়িয়ে প্রবেশ করে জালে। ৬৯ মিনিটে ব্রাহিম দিয়াজের বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন চোট কাটিয়ে উঠা কিলিয়ান এমবাপ্পে। ৯ মিনিট পরই হেডে রিয়ালের জালে বল পাঠিয়েছিল সিটি। ডিফেন্ডার রায়ান আইত-নুরি পরিষ্কার অফসাইডে থাকায় এবার গোলবঞ্চিত হতে হয় স্বাগতিকদের। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিনিসিয়াস জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল করেন রেফারি। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

জার্মানির বে-এরিনায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বায়ার লেভারকুজেন। প্রথম লেগে শেষ মুহূর্তে কোনোমতে হার এড়িয়েছিল গানাররা। ফিরতি লেগে গত পরশু এমিরেটস স্টেডিয়ামে প্রায় পুরোটা সময় আধিপত্য দেখাল আর্সেনাল। শুরু থেকে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে মিকেল আর্তেতার শির্ষরা। তার পরও গোল পেতে দলটিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৬ মিনিট পর্যন্ত। লিয়ান্দ্রো ট্রোজার্ডের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ে রিসিভ করে শরীর ঘুরিয়ে ২২ গজ দূর থেকে চমৎকার গোলে স্বাগতিকদের এগিয়ে নেন এবেরেচি এজে। ক্যারিয়ারে ইউরোপসেরার প্রতিযোগিতায় এটি তার প্রথম গোল। ৬৩ মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান বাড়ান ডেক্লান রাইস। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে সামনে এগিয়ে, ডি-বক্সের বাইরে থেকে ঠাণ্ডা মাথায় পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন তিনি। এরপরও ঘুরে দাঁড়ানোর ভালো কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি জার্মান ক্লাবটি। দুই লেগ মিলে ৩-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে উঠল আর্সেনাল।

পার্ক দি প্রিন্সেসে শেষ ষোলোর প্রথম লেগে ৫-২ গোলে পিএসজির কাছে হেরেছিল চেলসি। ফিরতি লেগেও বড় ব্যবধানে পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটতে গেল ব্লুজরা। স্ট্যামফোর্ড ব্রিজে ইউরোপসেরার বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে গত পরশু ৩-০ ব্যবধানে হেরেছে চেলসি। নিজেদের মাঠে ম্যাচ শুরুর ৬ মিনিটে খভিচা কভারাসখিলা জালের দেখা পেলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। চেলসির জালে শেষ পেরেক ঠুকেন ম্যাচের ৬২ মিনিটে সেনি মায়ুলু। শেষ ষোলোর ম্যাচে গ্যালাতাসারাই কিংবা লিভারপুলের বিপক্ষে যে দল জয়ী হবে তাদের বিপক্ষে কোয়ার্টারে খেলবে শিরোপাধারীরা।