শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শিবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ। বৃহস্পতিবার শিবগঞ্জবাসীর উদ্দেশে দেয়া এক খোলা চিঠিতে তিনি এ ঘোষণা দেন।
চিঠিতে তিনি অভিযোগ করেন, এলাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ নেই। তার ও তার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি ও হুমকির কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে বলে দাবি করেন তিনি।
শিবগঞ্জের মানুষের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে আপস না করার কথা উল্লেখ করে শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, ন্যায় ও ন্যায্যতার পক্ষে অবস্থান নিয়েই তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জনসমর্থন কমেছে। আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীকের উল্লেখযোগ্য কোনো প্রচার-প্রচারণাও দেখা যায়নি।



