ভোটের উত্তাপে সরগরম নীলফামারীর ৪টি আসন

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

এবারের নির্বাচনে নীলফামারী জেলার চারটি আসন হতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার-প্রচারণায় এখন সরগরম হয়ে উঠেছে এ চার আসনের নির্বাচনী এলাকাগুলো। প্রার্থীরা শীত উপেক্ষা করে ভোর থেকেই গণসংযোগ, উঠোন বৈঠক, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, হাটবাজারে শুভেচ্ছা বিনিময়সহ নানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

নীলফামারী-১ আসনটি ডোমার উপজেলায় ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা এবং ডিমলা উপজেলার ১০ ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের প্রার্থীরা হলেন, জামায়াতের অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, জাতীয় পাটির মেজর (অব:) তছলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম, জেপির (মঞ্জু) মো: মখদুম আজম মাশরাফী, ন্যাপের জেবেল রহমান গানি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রফিকুল ইসলাম।

নীলফামারী-২ আসনটি সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে প্রার্থীরা হলেন বিএনপির শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতের অ্যাডভাকেট আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসিবুল ইসলাম, খেলাফত মজলিসের সারোয়ারুল আলম বাবু, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট বিএনএফের সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র মিনহাজুল ইসলাম মিনহাজ।

নীলফামারী-৩ আসনটি গঠিত হয়েছে একটি পৌরসভা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে। এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির সৈয়দ আলী, জামায়াতের মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জাতীয় পার্টির রোহান চৌধুরী ও ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন সরকার।

নীলফামারী-৪ আসনটি সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের প্রার্থীরা হলেন বিএনপির মো: আব্দুল গফুর সরকার, জামায়াতের হাফেজ আব্দুল মুনতাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শহিদুল ইসলাম, জাতীয় পার্টির মো: সিদ্দিকুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো: শওকত আকবর রওশন, বাসদ মার্কসবাদীর মাইদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এস.এম মামুনুর রশিদ, জোবায়দুর রহমান ও রিয়াদ আরফান সরকার।

গত ২২ জানুয়ারি প্রচার-প্রচারণার প্রথম দিন থেকে প্রার্থীরা বিশাল শোডাউনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণা ততই সরগরম হয়ে উঠেছে। প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের কাছে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আশ্বাসের বাণী শুনাচ্ছেন। কদর বাড়ছে সাধারণ ভোটারদের।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার আওয়ামী লীগ মাঠে না থাকায় নীলফামারীর চারটি আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই লড়াইটা হবে। তবে কে বিজয়ের মালা পরবেন, তা জানতে হলে আমাদের আগামীর ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।